প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৬:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৬, ৯:৫৩ পি.এম
গজারিয়ায় পুলিশের বিশেষ অভিযান: বিদেশি পিস্তলসহ নারী আটক
![]()
নিজস্ব প্রতিবেদক:
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় অস্ত্র বিক্রি করতে এসে আমেনা আক্তার (৩২) নামে এক নারী পুলিশের হাতে আটক হয়েছেন। এসময় তার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। সোমবার বিকাল ৫ ঘটিকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকার একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আমেনা আক্তার ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশ জানতে পারে যে, ভিটিকান্দি এলাকায় এক নারী অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ওই নারীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে তল্লাশি চালিয়ে ইউএসএ-র তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে ওই নারী অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে গজারিয়ায় এসেছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে অবৈধ অস্ত্র কারবারের সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানায়, আটককৃত নারীর বিরুদ্ধে গজারিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত অস্ত্র ও আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা নিশ্চিত হতে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
All rights reserved © 2025